
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় আজ (বুধবার, ৫ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে দুটি বড় উন্মুক্ত সংগীত আয়োজন—‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ এবং ‘বর্ষা বিপ্লবের গান’। দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এ দুটি কনসার্ট সবার জন্য উন্মুক্ত থাকবে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা)-এর সহযোগিতায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। বিকেল ৩টায় শুরু হওয়া এ আয়োজনের জন্য দর্শকদের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে দুপুর ১টায়। কনসার্ট চলবে রাত ৯টা পর্যন্ত।
এই আয়োজনে অংশ নেবে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড—মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে। উদ্বোধনী পরিবেশনায় মঞ্চে উঠবে রে রে, আর মূল পর্বে গান পরিবেশন করবে বাকি ছয়টি ব্যান্ড। পাশাপাশি অনুষ্ঠানে পুরস্কার বিতরণেরও আয়োজন রাখা হয়েছে।
অন্যদিকে, একই দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে ওপেন-এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে বিকেল ৪টা থেকে শুরু হবে এ অনুষ্ঠান।
‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা এবং তাসরিফের কুঁড়েঘর। একক শিল্পী হিসেবে মঞ্চে থাকবেন আসিফ আকবর ও র্যাপার সেজান। এছাড়া নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদ, ব্যান্ড নীল, জে কে তাহমিদ, পারশা মাহজাবীনসহ আরও কয়েকজন শিল্পী সংগীত পরিবেশন করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত এবং এতে অংশ নিতে কোনো টিকিটের প্রয়োজন হবে না।
এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ‘সাউন্ড অব জুলাই’ শীর্ষক একটি কনসার্ট অনুষ্ঠিত হয়।